শরীয়তপুরে পেশাগত দায়িত্ব পালনকালে তিন সাংবাদিকের ওপর হামলার অনাকাঙ্ক্ষিত ঘটনার পর আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শরীয়তপুর জেলা শাখা।
সোমবার (৩১ আগস্ট) শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সিরাজুল হক মোল্লা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা বিএনপির পক্ষ থেকে এই দুঃখ প্রকাশ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সম্প্রতি শরীয়তপুরে কর্মরত সাংবাদিকদের সাথে একটি অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যা অত্যন্ত দুঃখজনক। এই ঘটনায় সাংবাদিকদের মতো জেলা বিএনপিও ব্যথিত ও মর্মাহত। বিজ্ঞপ্তিতে আরও স্পষ্ট করা হয় যে, সাংবাদিকদের সাথে বিএনপির কোনো মতভেদ বা বিভেদ নেই এবং ওই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দলীয়ভাবে দুঃখ প্রকাশ করা হচ্ছে।
একই সাথে বিজ্ঞপ্তিতে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, দলটির নেতা-কর্মী ও সমর্থকরা সাংবাদিকদের সাথে সহাবস্থানে থেকে নিজ নিজ পেশাগত ও রাজনৈতিক দায়িত্ব পালন করবেন।
