শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়ন ভূমি অফিসে নামজারির জন্য ঘুষ গ্রহণ এবং পরে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে সেই টাকা ফেরত দেওয়ার ঘটনায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১৬ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশে মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে ঘুষ গ্রহণের ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক।
দুদকের মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আরিফ হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ভুক্তভোগী সেবাগ্রহীতা, অভিযুক্ত ভূমি কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন কর্মকর্তারা। এ সময় ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য-উপাত্ত ও বক্তব্য সংগ্রহ করা হয়।
ভুক্তভোগী এমডি আওলাদ হোসেনের অভিযোগ, জমি কেনার পর নামজারির জন্য আবেদন করেও প্রায় চার মাস ধরে ভূমি অফিসে ঘুরতে হয়েছে তাঁকে। একপর্যায়ে এক সপ্তাহের মধ্যে নামজারির কাজ সম্পন্ন করে দেওয়ার আশ্বাস দিয়ে তাঁর কাছ থেকে সাড়ে ১০ হাজার টাকা নেন কনেশ্বর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. শরীয়ত উল্লাহ।
পরে বিষয়টি জানাজানি হলে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে ডিসিআর বাবদ ৩০০ টাকা রেখে বাকি ১০ হাজার ২০০ টাকা ফেরত দেন ওই কর্মকর্তা। দুদকের অভিযান চলাকালে তদন্ত দলের সামনেও টাকা ফেরত দেওয়ার বিষয়টি স্বীকার করেন তিনি।
অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক আরিফ হোসেন সাংবাদিকদের বলেন, ঘুষ গ্রহণ এবং পরবর্তী সময়ে সেই টাকা ফেরত দেওয়ার ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে আইন ও বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য কমিশনের প্রধান কার্যালয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন পাঠানো হবে।
এদিকে, ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সালাহউদ্দিন আইয়ূবী জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আগামী ১৮ নভেম্বর অভিযুক্ত কর্মকর্তা ও ভুক্তভোগীকে নোটিশ দিয়ে ডাকা হয়েছে। উভয় পক্ষের বক্তব্য শুনে তদন্ত করে প্রতিবেদন দাখিল করা হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও নড়িয়া উপজেলার চামটা ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত থাকাকালে মো. শরীয়ত উল্লাহর বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগসংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ঘটনার পর তাঁকে ডামুড্যার কনেশ্বর ইউনিয়ন ভূমি অফিসে দায়িত্ব দেওয়া হয়।
সর্বশেষ ঘটনায় গণমাধ্যমকর্মীদের ক্যামেরার সামনে ঘুষের টাকা ফেরত দেওয়ার দৃশ্য বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হলেও এখনো নিজ পদে বহাল রয়েছেন তিনি। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এবার দুদকের অভিযানে ঘুষ গ্রহণের ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে দ্রুত তদন্ত সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয় সচেতন মহল।
