ঢাকাশুক্রবার , ৪ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গোসাইরহাট
  10. চাকরি
  11. জাজিরা
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ডামুড্যা
  15. দেশজুড়ে
আজকের সর্বশেষ সবখবর
  • সর্বশেষ

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • শরীয়তপুরে আবাসিক হোটেলের পার্কিংয়ে ভয়াবহ আগুন, পুড়ল ১২ মোটরসাইকেল ও গাড়ি

    নিজস্ব প্রতিবেদক
    সেপ্টেম্বর ৪, ২০২৬ ৩:৫৫ অপরাহ্ণ
    Link Copied!

    শরীয়তপুর শহরের একটি বহুতল ভবনে থাকা আবাসিক হোটেলের পার্কিং এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নিচতলার পার্কিংয়ে থাকা ১২টি মোটরসাইকেল ও একটি ব্যক্তিগত গাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনের সময় ভবনের ছাদে আশ্রয় নেওয়া হোটেলের ১৭ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তাঁদের উদ্ধারে অংশ নিতে গিয়ে চার-পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

    বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে শহরের ঢাকা-শরীয়তপুর মহাসড়কের পাশে শরীয়তপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়-সংলগ্ন নুর হোটেল ইন্টারন্যাশনালের ছয়তলা ভবনে এ অগ্নিকাণ্ড ঘটে।

    পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, রাত দেড়টার দিকে ভবনের নিচতলার পার্কিং এলাকায় শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রথমে পার্কিংয়ে থাকা একটি ব্যক্তিগত গাড়িতে আগুন ধরে যায়। এর আগে গাড়িটির একটি চাকায় বিস্ফোরণের মতো শব্দ শোনা যায়। পরে গাড়িতে থাকা গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এরপর মুহূর্তের মধ্যেই আগুন পার্কিংয়ে থাকা অন্য যানবাহনগুলোতে ছড়িয়ে পড়ে।

    আগুনের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে ভবনের বিভিন্ন অংশে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে হোটেলে অবস্থানরত ১৭ জন আতঙ্কিত হয়ে পড়েন। নিচে নামার পথ ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ায় তাঁরা নিরাপদ আশ্রয়ের জন্য ভবনের ছাদে উঠে যান।

    খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর ভবনের ছাদে অবস্থান নেওয়া ১৭ জনকে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়।

    অগ্নিকাণ্ডে পার্কিংয়ে থাকা ১২টি মোটরসাইকেল ও একটি ব্যক্তিগত গাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। তবে ভবনের অন্যান্য অংশে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং আগুনে মোট আর্থিক ক্ষতির পরিমাণ কত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

    আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে গিয়ে স্থানীয়দের মধ্যে চার-পাঁচজন আহত হন। পরে তাঁদের হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    শরীয়তপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিদর্শক শংকর বিশ্বাস বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভবনের পার্কিং এলাকায় শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে সেখানে থাকা একটি গাড়িতে আগুন লাগে। এরপর নিমিষেই আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরূপণের কাজ চলছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

    উদ্ধার অভিযানে অংশ নেওয়া পালং মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুধাংশু সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ভবনে আটকে পড়া ব্যক্তিদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। তাঁদের উদ্ধারে গিয়ে চার-পাঁচজন আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

    অন্যদিকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, নুর হোটেল ইন্টারন্যাশনালসহ শরীয়তপুর শহরের অনেক বহুতল ভবনে পর্যাপ্ত অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নেই। তাঁদের দাবি, আবাসিক হোটেল ও বহুতল ভবনগুলোতে অগ্নিনির্বাপণ সরঞ্জাম, জরুরি বহির্গমন পথসহ প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা থাকা বাধ্যতামূলক হলেও অনেক ভবনে তা যথাযথভাবে নেই।

    বৃহস্পতিবার রাতের ঘটনায় বড় ধরনের প্রাণহানি না ঘটলেও ভবনটির অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের দাবি, শহরের বহুতল ভবন ও আবাসিক হোটেলগুলোতে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা যথাযথ আছে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত পরিদর্শন করা উচিত। পাশাপাশি ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করারও দাবি জানিয়েছেন তাঁরা।

    এই অয়েবসাইটে প্রতিনিধিদের কর্তৃক তথ্যপ্রাপ্তি হয়ে নিজস্ব প্রতিবেদক কর্তৃক নিউজ প্রস্তুত করে প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

    Design & Developed by BD IT HOST