শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের বিলদেওনিয়া এলাকায় খিচুড়ি ভোজের আয়োজন করতে গিয়ে পুলিশি অভিযানের মুখে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কিছু নেতাকর্মীরা। এ সময় ঘটনাস্থল থেকে দুই যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার(১০ জুন) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নড়িয়া থানা পুলিশ বিলদেওনিয়া এলাকায় অভিযান চালায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সেখানে উপস্থিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রান্না করা খিচুড়ি ও অন্যান্য সামগ্রী ফেলে দ্রুত পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।
পরে ঘটনাস্থল থেকে বিলদেওনিয়া এলাকার সাইফুল ইসলাম(২২) ও জোবায়ের ইসলাম অনিক(২১) নামে দুজনকে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীরা ওই এলাকায় খিচুড়ি আয়োজনের নামে একত্রিত হয়েছিলেন। খবর পেয়ে পুলিশ অভিযান পরিচালনা করলে অধিকাংশ নেতাকর্মী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. বাহার মিয়া বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
