শরীয়তপুরের জাজিরায় গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় জাজিরা থানা পুলিশের একাধিক চৌকস দল উপজেলার বিভিন্ন এলাকায় আসামিদের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় সন্ত্রাসবিরোধী আইনের পৃথক মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, জাজিরা উপজেলার সদর আলী মাদবরকান্দি গ্রামের আব্দুল আলীম মাদবরের ছেলে মো. নাইম হোসেন ওরফে টিটু মাদবর (৩০), ডুবিসায়বর গ্রামের মৃত আব্দুল কাদির মোল্লার ছেলে মো. শামীম মোল্লা (৩৫) এবং রামকৃষ্ণপুর মোল্লাকান্দি গ্রামের মৃত ছামাদ মোল্লার ছেলে জালাল মোল্লা (৫২)।
পুলিশের তথ্যমতে, নাইম হোসেন ওরফে টিটু মাদবরকে জাজিরা থানার ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখের ২০ নম্বর মামলায় এবং সিআর ১৬৫/২৬ (জাজিরা) মামলায় গ্রেপ্তার করা হয়েছে। শামীম মোল্লাকে একই তারিখের একই থানার ২০ নম্বর মামলায় গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, জালাল মোল্লাকে ২৩ মে ২০২৬ তারিখের জাজিরা থানার ২৭ নম্বর মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
