শরীয়তপুরের জাজিরা উপজেলার দক্ষিণ ডুবলদিয়া কাজী কান্দি এলাকায় ৮০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করে বাঁশের সাথে ঝুলিয়ে পুরো এলাকা ঘুরিয়ে এবং মোবাইলে গান বাজিয়ে তার তালে নাচিয়ে এরপর পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।
শনিবার(১১ জুলাই) দুপুরে উপজেলার দক্ষিণ ডুবলদিয়া কাজী কান্দি এলাকায় এ ঘটনা ঘটে। আটক দুই যুবক হলেন জাজিরা উপজেলার আড়াচন্ডি গ্রামের মুজিবর দারগার ছেলে অপু দারগা এবং একই গ্রামের মোসলেম দারগার ছেলে সাজু দারগা।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে ওই দুই যুবককে এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। বিষয়টি স্থানীয় কয়েকজন যুবকের নজরে এলে তারা দুজনের গতিবিধি পর্যবেক্ষণ করতে থাকেন। একপর্যায়ে অপর এক ব্যক্তি ওই দুই যুবকের কাছে এলে স্থানীয়রা তাদের জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তারা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের ঘিরে ধরে আটক করেন।
আটকের পর তাদের কাছ থেকে ৮০ পিস ইয়াবা পাওয়া যায়। পরে স্থানীয়রা সকলে মিলে ওই দুই যুবকের একজনকে দুই হাত ও দুই পা বেধে বাঁশের সাথে ঝুলিয়ে পুরো এলাকায় ঘুরায় এবং আরেকজনকে মোবাইলে গান বাজিয়ে তার তালে সকলের সামনে নাচায়।
এরপর পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আটক দুই যুবক ও উদ্ধার হওয়া ইয়াবা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এবিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. সালেহ আহাম্মদ বলেন, দক্ষিণ ডুবলদিয়া এলাকায় স্থানীয়রা দুই মাদক কারবারিকে ৮০ পিস ইয়াবাসহ আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। আটক হওয়া মাদক কারবারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
