ঢাকামঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গোসাইরহাট
  10. চাকরি
  11. জাজিরা
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ডামুড্যা
  15. দেশজুড়ে
আজকের সর্বশেষ সবখবর
  • সর্বশেষ

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • ব্যবসার কাজে বেরিয়ে ফিরলেন লাশ হয়ে, জাজিরায় ৫ ব্যবসায়ীর জানাজায় হাজারো মানুষ

    নিজস্ব প্রতিবেদক, জাজিরা
    অক্টোবর ২০, ২০২৬ ১১:৪৮ অপরাহ্ণ
    Link Copied!

    ব্যবসার কাজে একসঙ্গে বাড়ি থেকে বের হয়েছিলেন পাঁচজন। উদ্দেশ্য ছিল নাটোরের কোন বন্দর থেকে কৃষিপণ্য কিনে নিজ এলাকায় ফিরে ব্যবসা করা। কিন্তু সেই যাত্রাই হয়ে উঠল তাঁদের জীবনের শেষ যাত্রা। নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়ে বাড়ি ফিরলেন তাঁরা নিথর দেহে। একসঙ্গে পাঁচ পরিচিত ব্যবসায়ীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শরীয়তপুরের জাজিরা উপজেলার কাজিরহাটসহ আশপাশের এলাকায়। তাঁদের শেষবিদায় জানাতে জানাজায় অংশ নেন হাজারো মানুষ। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।

    মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে জাজিরা উপজেলার কাজিরহাটের ধুলট হাটায় নিহত পাঁচ ব্যবসায়ীর জানাজা অনুষ্ঠিত হয়। মসজিদের খাটিয়ায় একে একে রাখা হয় তাঁদের মরদেহ। এ সময় স্বজন, বন্ধু, সহকর্মী, স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা শেষবারের মতো তাঁদের দেখতে ভিড় করেন। প্রিয়জনকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা।

    এর আগে, মঙ্গলবার ভোরে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এলাকায় নাটোর-পাবনা মহাসড়কের সরকারপাড়া অংশে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হন। তাঁদের মধ্যে জাজিরার পাঁচ ব্যবসায়ীও ছিলেন।

    নিহত ব্যবসায়ীরা হলেন জাজিরা উপজেলার রামকৃষ্ণপুর মাদবরকান্দি এলাকার জহির উদ্দিন মাদবরের ছেলে জুয়েল মাদবর, ডুবিসায়বর মোল্যা কান্দি এলাকার জাহান উদ্দিন মোল্যার ছেলে সালাল মোল্যা, ডুবিসায়বর কাজিরহাট এলাকার ইউনুস শিকদারের ছেলে সোহাগ শিকদার, কাজিরহাট এলাকার ভুসামাল ব্যবসায়ী সামাদ ফকির এবং পালেরচর ইউনিয়নের কাথুরিয়া এলাকার রাজ্জাক বেপারীর ছেলে শাহিন বেপারী।

    স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কাজিরহাট ও আশপাশের এলাকায় ব্যবসা করে আসছিলেন তাঁরা। ব্যবসার কাজে নাটোরের কোন একটি বন্দরে যাচ্ছিলেন পাঁচজন। সেখান থেকে ভুট্টা, পেঁয়াজ, রসুন, ধনিয়াসহ বিভিন্ন কৃষিপণ্য ও ভুসামাল কিনে নিজ এলাকায় ফেরার পরিকল্পনা ছিল তাঁদের। তবে গন্তব্যে পৌঁছানোর আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তাঁরা। পরিচিত পাঁচ ব্যবসায়ীর এমন আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।

    জানাজায় অংশ নিয়ে সেনেরচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা কাজী বলেন, “একসঙ্গে পাঁচজনের এমন মৃত্যু মেনে নেওয়া খুবই কষ্টের। তাঁরা সবাই এলাকার পরিচিত ব্যবসায়ী ছিলেন। ব্যবসার কাজেই বাড়ি থেকে বের হয়েছিলেন, কিন্তু এভাবে লাশ হয়ে ফিরতে হবে, তা কেউ ভাবেনি। তাঁদের পরিবারের জন্য এটা অনেক বড় ক্ষতি।”

    কাজিরহাট বাজার কমিটির সভাপতি মোখলেস মাদবর বলেন, “কাজিরহাট বাজারের ব্যবসায়ীদের মধ্যে তাঁরা পরিচিত মুখ ছিলেন। ব্যবসার কাজে একসঙ্গে গিয়ে এমন দুর্ঘটনায় পাঁচজনের প্রাণ চলে যাওয়া আমাদের সবার জন্যই বেদনাদায়ক। তাঁদের পরিবারগুলোর যে ক্ষতি হয়েছে, তা পূরণ হওয়ার নয়। আমরা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।”

    জানাজা শেষে নিহত পাঁচ ব্যবসায়ীর মরদেহ তাঁদের নিজ নিজ এলাকায় নিয়ে যাওয়া হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁদের দাফন করা হয়। একসঙ্গে পাঁচ ব্যবসায়ীর মৃত্যুতে পরিবার-পরিজন, স্বজন, সহকর্মী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।

    এই অয়েবসাইটে প্রতিনিধিদের কর্তৃক তথ্যপ্রাপ্তি হয়ে নিজস্ব প্রতিবেদক কর্তৃক নিউজ প্রস্তুত করে প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

    Design & Developed by BD IT HOST