সম্প্রতি শরীয়তপুরের নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরের বিরুদ্ধে একাধিক সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শরীয়তপুর প্রেসক্লাব।
একই সঙ্গে অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।
শুক্রবার (১১ জুলাই) প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন সরকার ও সাধারণ সম্পাদক নুরুল আমিন রবিন স্বাক্ষরিত এক জরুরি প্রতিবাদ বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি নড়িয়া উপজেলা এলজিইডি কার্যালয়সংক্রান্ত একটি সংবাদ প্রকাশের পর কালবেলা পত্রিকার জেলা প্রতিনিধি খান মোহাম্মদ শিহাব, আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি মো. আল-আমিন, নিরপেক্ষ পত্রিকার ব্যুরো চিফ জামাল মল্লিক এবং সোনালী নিউজ-এর শরীয়তপুর প্রতিনিধি পলাশ খানসহ একাধিক সাংবাদিককে নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগর হোয়াটসঅ্যাপে হুমকি দিয়েছেন বলে অভিযোগ ওঠে।
শরীয়তপুর প্রেসক্লাবের নেতারা বলেন, সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিককে হুমকি দেওয়া স্বাধীন গণমাধ্যম ও মতপ্রকাশের অধিকারের ওপর সরাসরি আঘাত। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি কিংবা ভয়ভীতি প্রদর্শনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
প্রেসক্লাব অবিলম্বে অভিযোগের নিরপেক্ষ তদন্ত, দায়ীদের আইনের আওতায় আনা এবং সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়ে বলেছে, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে সাংবাদিক সমাজ বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে।
এবিষয়ে উপজেলা বিএনপি’র সভাপতি মুন্সি ছামছুল আলম দাদন সংবাদের পাতা’র প্রতিবেদক কে জানান, লিখিত অভিযোগ পেলে দলের পক্ষ থেকে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে।
