শরীয়তপুরের জাজিরায় অভিযান চালিয়ে মো. চান মিয়া ফকির (৫৫) নামে শ্রমিক লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার বড়কান্দি ইউনিয়নের সূধন্য মন্ডলের কান্দি এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক চান মিয়া ফকির ওই এলাকার মৃত হামিজ উদ্দিন ফকিরের ছেলে। তিনি বড়কান্দি ইউনিয়ন শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে জানা গেছে।
জাজিরা থানা পুলিশ সূত্রে জানা যায়, আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে তার সম্পৃক্ততা রয়েছে। পাশাপাশি জাজিরা উপজেলায় আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে তিনি অর্থের জোগানদাতা হিসেবে ভূমিকা রাখতেন বলে পুলিশের দাবি।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ্ আহম্মদ বলেন, শনিবার ভোর ৪টার দিকে অভিযান চালিয়ে চান মিয়া ফকিরকে আটক করা হয়েছে। তিনি আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অর্থের জোগানদাতা হিসেবে কাজ করতেন বলে আমাদের কাছে তথ্য রয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
