শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান কিরন বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি ও রাজনৈতিক প্রভাব বরদাশত করা হবে না। শিক্ষা প্রতিষ্ঠানকে শতভাগ রাজনীতিমুক্ত রেখে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। অনিয়ম বা দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (২৮ জুলাই) তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চরভয়রা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির নবনিযুক্ত সভাপতি ও বাংলাভিশন টেলিভিশনের নিউজ এডিটর বেনজীর আহমেদ। এ সময় বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে এমপি কিরন বলেন, নড়িয়া-সখিপুরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক এবং পরিচালনা কমিটিকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, “শিক্ষকরা যেন শতভাগ পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করেন। শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি কিংবা রাজনৈতিক প্রভাব মেনে নেওয়া হবে না। প্রতিষ্ঠান পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের স্বার্থই হবে সর্বোচ্চ অগ্রাধিকার।”
চরভয়রা উচ্চ বিদ্যালয়ের উন্নয়নে শফিকুর রহমান কিরনের দীর্ঘদিনের অবদান রয়েছে। ১৯৯৫ সালে বিদ্যালয়টিতে মাধ্যমিক (এসএসসি) পরীক্ষার কেন্দ্র স্থাপনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়া তাঁর নিজস্ব অর্থায়নে বিদ্যালয়ে ‘কিরন ভবন’ নামে একটি একাডেমিক ভবন নির্মাণ করা হয়, যা বর্তমানে শিক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নেও তিনি ধারাবাহিকভাবে সহযোগিতা করে আসছেন।
সৌজন্য সাক্ষাৎ শেষে বেনজীর আহমেদ বলেন, “চরভয়রা উচ্চ বিদ্যালয় আমার প্রাণের প্রতিষ্ঠান। আমাকে পুনরায় এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়ায় সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান কিরন সাহেবের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাঁর নির্দেশনা অনুযায়ী বিদ্যালয়কে শতভাগ রাজনীতিমুক্ত রেখে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে একটি আধুনিক ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করব।”
সৌজন্য সাক্ষাৎকালে সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান কিরন চরভয়রা উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে বিদ্যালয়ের মূল ফটক, শহীদ মিনার নির্মাণ এবং ‘কিরন ভবন’ সম্প্রসারণের জন্য ডিও লেটার বেনজীর আহমেদের হাতে তুলে দেন।
এসময় হাজী শরীয়তুল্লাহ ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মঞ্জুরুল ইসলাম সরদার উপস্থিত ছিলেন।
