শরীয়তপুরে পদ্মা নদীর নড়িয়া প্রান্তে অভিযান চালিয়ে ৩০৫ বোতল ভারতীয় ব্ল্যাক হুইস্কি জব্দ করেছে নৌপুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি বাল্কহেড জব্দের পাশাপাশি দুজনকে আটক করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে নড়িয়ার সুরেশ্বর লঞ্চঘাট সংলগ্ন পদ্মা নদীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় সুরেশ্বর নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা।
পুলিশ জানায়, নড়িয়ার সুরেশ্বর লঞ্চঘাট সংলগ্ন পদ্মা নদীতে একটি বাল্কহেডে বিপুল পরিমাণ মদ পরিবহন করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে অভিযান চালায় নৌপুলিশ। অভিযানে এমভি তাসলিমা নামের একটি বাল্কহেডে তল্লাশি করা হলে ৩০৫ বোতল ভারতীয় ব্ল্যাক হুইস্কি উদ্ধার করা হয়। এ সময় বাল্কহেডটির চালক মো. রফিক (৫০) ও সহকারী মো. উজ্জলকে (২৯) আটক করা হয়। তারা দুজনই পটুয়াখালী জেলার বাসিন্দা। পরে মাদক পরিবহনে ব্যবহৃত বাল্কহেডটিও জব্দ করা হয়।
এ বিষয়ে সুরেশ্বর নৌপুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাল্কহেড থেকে ৩০৫ বোতল ভারতীয় ব্ল্যাক হুইস্কি জব্দ করা হয়েছে। এ ঘটনায় বাল্কহেডের চালক ও সহকারীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
